ভৈরবে মাদকসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে সাজা

আমিরুল ইসলাম
প্রকাশ: মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ণ
ভৈরবে মাদকসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে সাজা

নিজস্ব প্রতিবেদক, ভৈরব: কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী টাস্কফোর্সের যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ৩ জনকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকায় অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজমল হকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভৈরব থানা পুলিশ সহযোগিতা করে। অভিযানে চিহ্নিত মাদক কারবারি লতিফা বেগমকে (৫৮) ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এছাড়া জিহাদ (২০) নামে এক যুবককে ৫ পুরিয়া গাঁজা এবং জাকির হোসেন (২৬) নামে একজনকে ২ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লতিফা বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৮ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জিহাদকে ১ মাসের কারাদণ্ড ও জাকির হোসেনকে ১৫ দিনের কারাদণ্ডসহ উভয়কে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে রিপন মিয়া নামে একজনকে মুচলেকা নিয়ে জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর চন্দন গোপাল সুর জানান, মাদকের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাদকসহ হাতেনাতে আটক হওয়ায় তাঁদের এই দণ্ড প্রদান করা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন