মে মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ বিইআরসির

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ণ
মে মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ বিইআরসির

মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ রবিবার (৩ মে ২০২৬) বিকেলে সংস্থাটি নতুন এই দাম ঘোষণা করে, যা আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। উল্লেখ্য, গত এপ্রিল মাসে দুই দফায় এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। প্রথমে ২ এপ্রিল দাম বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা এবং পরবর্তীতে ১৯ এপ্রিল তা পুনরায় বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি মাসে নতুন করে দাম না বাড়িয়ে আগের দামই বহাল রাখা হলো।

এলপিজির দাম অপরিবর্তিত থাকলেও যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম সামান্য বেড়েছে। মে মাসের জন্য অটোগ্যাসের দাম প্রতি লিটারে ২ পয়সা বাড়িয়ে মূসকসহ ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। গত ১৯ এপ্রিল অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দামের ওপর ভিত্তি করে প্রতি মাসেই বিইআরসি এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করে থাকে। তবে মে মাসে রান্নার গ্যাসের দাম না বাড়ায় সাধারণ ভোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা গেছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন