ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের নির্দেশ আসতে পারে

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩০ অপরাহ্ণ
ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের নির্দেশ আসতে পারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া এবং আসক্তিমূলক ডিজাইনের অভিযোগে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে এক গুরুত্বপূর্ণ বিচার শুরু হতে যাচ্ছে। সোমবার (৪ মে ২০২৬) নিউ মেক্সিকোর সান্তা ফেতে শুরু হতে যাওয়া এই বিচারে আদালত মেটাকে তাদের প্ল্যাটফর্মে বড় ধরনের পরিবর্তনের নির্দেশ দিতে পারেন।

নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার বিরুদ্ধে এই মামলাটি করেন। তার অভিযোগ, মেটা তাদের অ্যালগরিদম এমনভাবে তৈরি করেছে যা কিশোর-কিশোরীদের দীর্ঘ সময় ধরে আসক্ত করে রাখে। এছাড়া শিশুদের যৌন শোষণসহ বিভিন্ন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে কোম্পানিটি যথেষ্ট ব্যবস্থা নেয়নি।

আইনিভাবে ‘পাবলিক নিউসেন্স’ বা জনস্বার্থ ক্ষতিকর প্রমাণিত হলে আদালত মেটাকে নিচের বিষয়গুলোতে বাধ্য করতে পারে:

  • অ্যালগরিদমে পরিবর্তন আনা।

  • কঠোর বয়স যাচাই প্রক্রিয়া বাধ্যতামূলক করা।

  • অটোপ্লে বা আনলিমিটেড স্ক্রলিংয়ের মতো আসক্তিমূলক ফিচার বন্ধ করা।

এর আগে গত মার্চে ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে মেটাকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল। মামলার বর্তমান ধাপে অঙ্গরাজ্য কর্তৃপক্ষ প্রায় ৩৭০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করতে পারে। এই অর্থ দিয়ে ১৫ বছর মেয়াদী একটি মানসিক স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে মেটা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, দাবি করা অনেক পরিবর্তন প্রযুক্তিগতভাবে সম্ভব নয়। কোম্পানিটি আরও দাবি করেছে যে, কিশোর-কিশোরীরা প্রতিদিন শত শত অ্যাপ ব্যবহার করে, তাই শুধু একটি প্ল্যাটফর্মকে লক্ষ্যবস্তু করে সমস্যার সমাধান হবে না। তারা প্রয়োজনে নির্দিষ্ট এলাকায় সেবা বন্ধ করার ইঙ্গিতও দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ৪০টিরও বেশি অঙ্গরাজ্য এবং ১,৩০০ স্কুল জেলা মেটার বিরুদ্ধে একই ধরনের মামলা করেছে। ফলে এই বিচারের রায় বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যমের ভবিষ্যৎ নীতি নির্ধারণে একটি বড় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন