লিওন আহমেদ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ঢাকা-খুলনা মহাসড়কের ঝাটুরদিয়া নামক স্থানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ থেকে ৭ জন যাত্রী আহত হয়েছেন।
রবিবার (৩ মে) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোরিকশা ঝাটুরদিয়া বাজার থেকে ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথিমধ্যে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং অটোরিকশার অন্য যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেয়।
ভাঙ্গা থানা পুলিশ জানায়, দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া গতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।
এ.আই.এল/সকালবেলা