নিজস্ব প্রতিবেদক: তীব্র তাপপ্রবাহ ও বিদ্যুতের আকাশচুম্বী চাহিদার মধ্যে এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্র। মাসজুড়ে কেন্দ্রটি ৭৬০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে। আজ রবিবার (৩ মে ২০২৬) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এপ্রিল মাসে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৯ শতাংশেরও বেশি জোগান দিয়েছে এই কেন্দ্রটি। তীব্র দাবদাহের মধ্যেও কেন্দ্রটি গড়ে ৮০ শতাংশ প্লান্ট লোড ফ্যাক্টর (পিএলএফ) ধরে রাখতে সক্ষম হয়েছে। বিশেষ করে মাসের প্রথম সপ্তাহে যখন জাতীয় গ্রিডে চাহিদা সর্বোচ্চ পর্যায়ে ছিল, তখন রামপাল প্রায় পূর্ণ সক্ষমতায় উৎপাদন অব্যাহত রেখে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখে।
রামপাল বিদ্যুৎকেন্দ্রটি অত্যাধুনিক ‘আল্ট্রা-সুপারক্রিটিক্যাল’ প্রযুক্তিতে নির্মিত। এতে ব্যবহৃত উন্নত ফ্লু গ্যাস ডি-সালফারাইজেশন (এফজিডি) প্রযুক্তি পরিবেশগত মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করে। এটি একদিকে যেমন নিরবচ্ছিন্ন ‘বেসলোড’ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করছে, অন্যদিকে পরিবেশ সুরক্ষাতেও ভূমিকা রাখছে।
বর্তমানে ভারতের এনটিপিসি (NTPC) বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশি প্রকৌশলীরাই কেন্দ্রটির দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক শ্রী রমানাথ পূজারী বলেন, “সর্বোচ্চ চাহিদার সময়ে কেন্দ্রটি সফলভাবে পরিচালনা করা আমাদের শক্তিশালী নকশা ও দলের নিরলস প্রচেষ্টার ফল। এটি দুই দেশের সফল সহযোগিতার একটি অনন্য উদাহরণ।”
পঞ্চমবারের মতো এক মাসে ৭০০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদনের এই মাইলফলক রামপাল বিদ্যুৎকেন্দ্রের নিরবচ্ছিন্ন কার্যক্ষমতা ও নির্ভরযোগ্যতার প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।
জান্নাত/সকালবেলা