ইসলামী শরিয়তে সন্তানের জন্মের পর কৃতজ্ঞতাস্বরূপ পশু জবাই করা বা আকিকা করা একটি অত্যন্ত সওয়াবের কাজ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনে আকিকা করা মুস্তাহাব বা উত্তম। তবে ছেলে ও মেয়ে শিশুর আকিকার ক্ষেত্রে পশুর সংখ্যার দিক থেকে কিছুটা পার্থক্য রয়েছে।
ইসলামী বিধান অনুযায়ী, ছেলে ও মেয়ের আকিকার মূল পার্থক্য হলো পশুর সংখ্যায়। ছেলের পক্ষ থেকে দুটি ছাগল, ভেড়া বা খাসি এবং মেয়ের পক্ষ থেকে একটি ছাগল, ভেড়া বা খাসি জবাই করা মুস্তাহাব। পশুর সংখ্যা ছাড়া আকিকার অন্য সব নিয়ম ও ফজিলত উভয় ক্ষেত্রে অভিন্ন।
রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুযায়ী, জন্মের সপ্তম দিনে আকিকা করা সবচেয়ে উত্তম। উম্মুল মুমিনীন আয়েশা (রা.)-এর বর্ণনা মতে, সপ্তম দিনে সম্ভব না হলে চৌদ্দতম দিনে এবং তাতেও সম্ভব না হলে একুশতম দিনে আকিকা করা উচিত (মুসতাদরাকে হাকেম)। তবে পরবর্তী যেকোনো সময় করলেও তা আদায় হয়ে যাবে।
আকিকার পশুর গোশত কোরবানির পশুর মতো নিজেরা খাওয়া যায় এবং আত্মীয়-স্বজন ও গরিব-মিসকিনদের মধ্যেও বণ্টন করা যায়। এ ক্ষেত্রে কাঁচা গোশত বা রান্না করা খাবার—উভয়ভাবেই বণ্টন করার অনুমতি রয়েছে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "সন্তানের সঙ্গে আকিকার বিধান রয়েছে। তোমরা তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো এবং তার শরীর থেকে কষ্টদায়ক বস্তু (চুল) দূর করে দাও।" (বুখারি, হাদিস: ৫৪৭২)
জান্নাত/সকালবেলা