মোঃ দুলাল সরকার, গজারিয়া: মুন্সীগঞ্জের গজারিয়া থানা পুলিশের পৃথক অভিযানে ৩১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২ মে) উপজেলার ভবেরচর ও বাউশিয়া ইউনিয়নের পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের ফয়সাল (৩২) এবং বরগুনার আমতলী উপজেলার হৃদয় (২০)। বর্তমানে ফয়সাল সাতকাহনিয়া গ্রামে এবং হৃদয় দড়ি বাউশিয়া গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকাহনিয়া এলাকা থেকে ফয়সালকে ১১ পিস ইয়াবাসহ এবং বাউশিয়া থেকে হৃদয়কে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান আলী জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মাদকমুক্ত সমাজ গড়তে এই অভিযান অব্যাহত থাকবে।
এ.আই.এল/সকালবেলা