রুপম চাকমা, দিঘীনালা প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম মাচালং ১০নং পাড়ার রনজিৎ চাকমা বাঁশের হস্তশিল্প তৈরি করে সংসারে সচ্ছলতা ফিরিয়েছেন। একসময়ের হতদরিদ্র এই যুবক এখন নিজের তৈরি শৈল্পিক পণ্যের মাধ্যমে পর্যটকদের কাছে পাহাড়ের ঐতিহ্য তুলে ধরছেন।
রনজিৎ চাকমা আগে জুম চাষ করে জীবিকা নির্বাহ করতেন, যা দিয়ে সংসার চালানো ছিল অত্যন্ত কঠিন। পরে তিনি স্থানীয় সহজলভ্য সম্পদ বাঁশ ব্যবহার করে ঝুড়ি, ফুলদানি, ল্যাম্পশেড ও চাবির রিংসহ নানা সামগ্রী তৈরি শুরু করেন। বর্তমানে তাঁর তৈরি এসব নান্দনিক ও পরিবেশবান্ধব পণ্য সাজেকে আসা পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয়।
রনজিৎ জানান, নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি এখন স্বাবলম্বী। তাঁর মতে, সরকারি ও বেসরকারি সহযোগিতা পেলে এই ক্ষুদ্র শিল্পকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়া সম্ভব। তিনি চান তাঁর মতো আরও পাহাড়ী যুবক এই কাজে এগিয়ে আসুক।
সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেলসন চাকমা ও ইউপি সদস্য পরিচয় চাকমা রনজিতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁরা মনে করেন, এমন উদ্যোগ একদিকে যেমন বেকারত্ব দূর করছে, অন্যদিকে পাহাড়ের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে পরিচিত করছে।
এ.আই.এল/সকালবেলা