শাপলা গণহত্যার বিচার দাবি করল হেফাজতে ইসলাম

রাকিবুল হাসান
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ণ
শাপলা গণহত্যার বিচার দাবি করল হেফাজতে ইসলাম

নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত ‘গণহত্যার’ বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ। শনিবার (২ মে) সন্ধ্যায় সংবাদমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই দাবি পেশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের লাখো জমায়েতের ওপর তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকারের পরিকল্পিত নৃশংসতায় অগণিত ধর্মপ্রাণ মানুষ শহীদ হন। হাজার হাজার আলেম, হাফেজ ও নবীপ্রেমিক জনতা আহত ও পঙ্গুত্ব বরণ করেন। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে শাপলার খুনিদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি।”

হেফাজত নেতারা উল্লেখ করেন যে, ৫ মে’র গণহত্যার দায়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতে ইসলামের পক্ষ থেকে দায়ের করা মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। তারা এই বিচার প্রক্রিয়া দ্রুততর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে আফসোস প্রকাশ করে বলা হয়, “২০১৩ সালে ৫ মে’র গণহত্যার প্রতিবাদে যদি সকল রাজনৈতিক শক্তি মাঠে নামত, তবে পরবর্তীতে জাতিকে চব্বিশের ‘জুলাই ম্যাসাকার’ দেখতে হতো না। তৎকালীন রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা এবং ইসলামবিদ্বেষীদের উসকানির কারণেই ফ্যাসিবাদের উত্থান সম্ভব হয়েছিল।”

নেতৃবৃন্দ আরও বলেন, “ইসলামবিদ্বেষী গণজাগরণ মঞ্চের আধিপত্যবাদের বিরুদ্ধে শাপলার চেতনা রুখে না দাঁড়ালে বাংলাদেশের সার্বভৌমত্ব অনেক আগেই লুণ্ঠিত হতো।” প্রতিবাদী আলেম-ওলামাদের অবমূল্যায়নের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে উল্লেখ করে তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান সরকার যদি নাগরিকদের মানবিক মর্যাদা ও ধর্মীয় অনুভূতি রক্ষায় ব্যর্থ হয়, তবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

৫ মে’র শহীদদের স্মরণে আগামীকাল সারাদেশে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করার জন্য সংগঠনের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজত নেতৃবৃন্দ।

মন্তব্য করুন