নিউজ ডেস্ক: বৃষ্টির দিনে সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের একটি সাবলীল ও আন্তরিক মুহূর্ত এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। রানওয়েতে প্লেন থেকে নামার সময় পরম মমতায় স্ত্রীর হাত ধরে থাকা এবং এক ছাতার নিচে দুজনে হাঁটার দৃশ্যটি নেটিজেনদের প্রশংসায় ভাসছে।
রাষ্ট্রীয় প্রটোকলের কঠোর ঘেরাটোপে সাধারণত ব্যক্তিগত আবেগগুলো আড়ালেই থাকে। তবে সিলেটের এই সফরে দেখা গেছে ভিন্ন চিত্র। সিঁড়ি দিয়ে নামার সময় স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দেওয়া কিংবা বৃষ্টির ঝাপটা থেকে আগলে রাখতে এক ছাতায় হাঁটাকে নেটিজেনরা একজন ‘আদর্শ জীবনসঙ্গীর দৃষ্টান্ত’ হিসেবে দেখছেন। ফেসবুকে অনেকেই মন্তব্য করেছেন, ক্ষমতা বা পদের চেয়েও বড় পরিচয় একজন দায়িত্বশীল স্বামী হওয়া।
মজার বিষয় হলো, প্রধানমন্ত্রীর এই রোমান্টিক অবতার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি শোরগোল তুলছেন বিবাহিত পুরুষরা। অনেকেই রসিকতা করে লিখছেন, “প্রধানমন্ত্রী আমাদের বিপদে ফেলে দিলেন! এখন স্ত্রীরা ওনার উদাহরণ টেনে আবদার করবে।” ইনবক্স বা টাইমলাইনে স্ত্রীদের ‘মেনশন’ আর মজার লড়াই নেট দুনিয়ায় হাস্যরস তৈরি করছে।
উল্লেখ্য, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ও খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন করতে শনিবার (২ মে ২০২৬) সকাল ১০টা ৫ মিনিটে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করতে যান। প্রতিকূল আবহাওয়ায় তাঁদের এই সহজ-সরল ও আন্তরিক চলন সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রীর এক মানবিক ইমেজ ফুটিয়ে তুলেছে।
জান্নাত/সকালবেলা