ফের কপিল শর্মার ক্যাফের পাশে গুলিবর্ষণ, প্রাণনাশের হুমকি

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ণ
ফের কপিল শর্মার ক্যাফের পাশে গুলিবর্ষণ, প্রাণনাশের হুমকি

বিনোদন ডেস্ক: কানাডায় জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান কপিল শর্মার ক্যাফের পাশেই এক ক্যাফেতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বিতর্কিত লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলার দায় স্বীকার করেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরের ‘চাই সুট্টা বার’ নামক একটি ক্যাফেতে। এটি কপিল শর্মার মালিকানাধীন ‘ক্যাপস ক্যাফে’র ঠিক পাশেই অবস্থিত। হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে কপিল শর্মা ও ক্যাফে মালিককে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

টাইসন বিষ্ণোই জোরা সিন্ধু’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে হামলার দায় স্বীকার করে বলা হয়, তাদের নির্দেশ অমান্য করলে কপিল শর্মার রেস্তোরাঁতেও একই পরিণতি হবে। তবে এই পোস্টের সত্যতা বা বিষ্ণোই গ্যাংয়ের সরাসরি সম্পৃক্ততা এখনো আইনগতভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগেও কপিল শর্মার এই ব্যবসা প্রতিষ্ঠানটি একাধিকবার হামলার শিকার হয়েছে। ২০২৪ সালের আগস্টে উদ্বোধনের পরই খলিস্তানি সমর্থকরা সেখানে হামলা চালায়। পরবর্তীতে ২০২৫ সালেও তিনবার বিষ্ণোই গ্যাংয়ের নাম জড়িয়ে ক্যাফেটি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। এই ধারাবাহিক হামলার ঘটনায় ওই এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন