নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালী সরকারি কলেজে হামলা এবং শিক্ষকের সঙ্গে অসদাচরণের ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতাদের ক্ষমা করে দিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ছানা উল্লাহ। শনিবার (২ মে) বিকেলে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য শাহজাহানের সরাসরি মধ্যস্থতায় অধ্যক্ষের কার্যালয়ে এক সভায় এই সমঝোতা সম্পন্ন হয়।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে শিক্ষকরা যখন মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিলেন, তখন ছাত্রদলের একদল নেতাকর্মী কলেজে আকস্মিক হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ওই হামলায় এক শিক্ষক আহত হন এবং শিক্ষকদের হুমকি দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে শিক্ষকরা জরুরি সভা ডেকে অভিযুক্তদের বহিষ্কারসহ ৮ দফা দাবি পেশ করেছিলেন।
ঘটনাটি কেন্দ্রীয় ছাত্রদলের নজরে এলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলেজ শাখার সিনিয়র সহসভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহসভাপতি আক্তারুজ্জামান বিশাল এবং সহসাধারণ সম্পাদক তানভীর হোসেন শাওনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এবং কলেজ শাখা সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।
শনিবার বিকেলে সংসদ সদস্য শাহজাহানের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বহিষ্কৃত ও অভিযুক্ত ছাত্রদল নেতারা নিজেদের ভুল স্বীকার করে শিক্ষকদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। উদ্ভূত পরিস্থিতি ও কলেজের শিক্ষার পরিবেশ বজায় রাখতে অধ্যক্ষ অধ্যাপক ছানা উল্লাহ তাদের ক্ষমা করার ঘোষণা দেন।
অধ্যক্ষ অধ্যাপক ছানা উল্লাহ জানান, স্থানীয় সংসদ সদস্যের মধ্যস্থতায় এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে এই ক্ষমা করা হয়েছে। তবে শিক্ষকদের আত্মসম্মান ও নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি সবার আগে গুরুত্ব পেয়েছে। সংসদ সদস্য শাহজাহান এ সময় শিক্ষার্থীদের ভবিষ্যতে যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার এবং কলেজের প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার কড়া নির্দেশ দেন।
এই সমঝোতার মাধ্যমে গত কয়েকদিন ধরে নোয়াখালী সরকারি কলেজে চলা অস্থিরতা ও চাপা উত্তেজনার অবসান ঘটল বলে মনে করছেন শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।