বাদ পড়ার শঙ্কা উড়িয়ে বিশাল জয়ে সুপার এইটে পাকিস্তান

বাদ পড়ার শঙ্কা উড়িয়ে বিশাল জয়ে সুপার এইটে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মতো প্রথম পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছিল পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে নামিবিয়াকে হারানো ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না তাদের সামনে। তবে খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়েছে দলটি। বাঁচা-মরার লড়াইয়ে নামিবিয়াকে ১০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ 'এ' থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তান।

প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে এবার দলগুলোর লড়াই হবে সুপার এইটে। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সুপার এইটের মহারণ। কলম্বোয় উদ্বোধনী দিনের ম্যাচে রাত সাড়ে ৭টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। এরপর ২৪ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে ইংল্যান্ডের বিপক্ষে এবং ২৮ ফেব্রুয়ারি একই ভেন্যুতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে তারা।

সুপার এইট পর্বে দর্শকদের জন্য থাকছে বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ। সূচি অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে ইংল্যান্ড-শ্রীলঙ্কা এবং আহমেদাবাদে ভারত-দক্ষিণ আফ্রিকা লড়বে। ২৩ ফেব্রুয়ারি মুম্বাইয়ে জিম্বাবুয়ে-উইন্ডিজ, ২৫ ফেব্রুয়ারি কলম্বোয় নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা, ২৬ ফেব্রুয়ারি আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকা-উইন্ডিজ এবং চেন্নাইয়ে ভারত-জিম্বাবুয়ে মুখোমুখি হবে। এছাড়া ২৭ ফেব্রুয়ারি কলম্বোয় ইংল্যান্ড-নিউজিল্যান্ড, ১ মার্চ দিল্লিতে জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা এবং একই দিন কলকাতায় ভারত-উইন্ডিজ লড়াইয়ের মধ্য দিয়ে সুপার এইট পর্বের সমাপ্তি ঘটবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন