রফতানি ধরে রাখতে আরও কঠোর প্রতিযোগিতার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, বাণিজ্য প্রতিবন্ধকতা ও জ্বালানি সংকটের মধ্যে দেশের রফতানি বাজার ধরে রাখতে এবং সম্প্রসারণে আরও কঠোর প্রতিযোগিতায় নামার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শনিবার (১৩ জুন) রাজধানীতে আয়োজিত ‘রোডম্যাপ টু ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোম্যাসি কনফারেন্স’-এর উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রফতানি প্রবৃদ্ধি ধরে রাখতে আগের চেয়ে অনেক বেশি জোরালো প্রতিযোগিতা করতে হবে। তিনি বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত বাস্তবতা, ভূ-রাজনৈতিক উত্তেজনা ও জলবায়ু ঝুঁকিকে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থায়ন ও ঋণ গ্রহণ আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। উন্নত দেশগুলোর তুলনায় অনেক বেশি সুদে ঋণ নিতে হচ্ছে, যা অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর চাপ সৃষ্টি করছে।
জ্বালানি সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, চলমান বৈশ্বিক পরিস্থিতি ১৯৭০-এর দশকের তেল সংকটকেও ছাড়িয়ে যেতে পারে। এ সংকটের ফলে উন্নয়নশীল দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদি অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে।
তিনি আরও জানান, বিদেশি মুদ্রার চাপ, জ্বালানি আমদানির ব্যয় বৃদ্ধি এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার পরিবর্তন দেশের উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে, যা রফতানি সক্ষমতাকে প্রভাবিত করছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিদেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনগুলোকে আরও সক্রিয় করে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে। পাশাপাশি বাণিজ্য চুক্তি আধুনিকীকরণ এবং বাজার সম্প্রসারণেও উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি হচ্ছে বেসরকারি খাত। তাই নীতিগত সংস্কার ও সহজ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবসহ বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধান ও বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
|