ক্রিকেটার নাঈম হাসানকে ‘মারধরের’ ঘটনায় বিসিবির উদ্বেগ

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ণ
ক্রিকেটার নাঈম হাসানকে ‘মারধরের’ ঘটনায় বিসিবির উদ্বেগ

ক্রীড়া প্রতিবেদক: জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পুলিশ পরিচয়ে মারধর ও থানায় নিয়ে হেনস্তার অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

শুক্রবার (১২ জুন) রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে তিনি এ ঘটনার শিকার হন বলে অভিযোগ করেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, একজন জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত। বোর্ড বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

অভিযোগ অনুযায়ী, চট্টগ্রামের লালখান বাজার এলাকায় নাঈমকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তাঁকে জোরপূর্বক নামানো হয়। নাঈমের দাবি, খুলশী থানার এসআই শফিকুল ইসলাম তাঁকে একটি সিএনজিতে তুলে দরজা লক করে দেন এবং ‘আসামি’ বলে চুপ থাকতে নির্দেশ দেন। এ সময় তাঁর কলার চেপে ধরা হয় এবং লাঠি দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি। 

নাঈম আরও জানান, একপর্যায়ে তাঁর গলা চেপে ধরা হয় এবং মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়। পরিস্থিতি দেখে তিনি আতঙ্কিত হয়ে বাবাকে ফোন করেন। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি তাঁর ক্রিকেটার পরিচয় নিশ্চিত করলেও শারীরিক হেনস্তা বন্ধ হয়নি বলে দাবি করেন জাতীয় দলের এই ক্রিকেটার। 

এ ঘটনায় ইতোমধ্যে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে। বিসিবি আশা প্রকাশ করেছে, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন