প্রেমিকাকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ণ
প্রেমিকাকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

বরিশাল প্রতিনিধি: বরিশালে প্রেমিকার সাথে মান-অভিমান করে তাকে ভিডিও কলে রেখেই ঘরের ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এবায়দুল ইসলাম রাইয়ান (২২) নামে এক কলেজছাত্র। 

গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ৩টার দিকে বরিশাল মহানগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকার সোনামদ্দিন সড়কের ‘রাগ’ বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত এবায়দুল ইসলাম রাইয়ান ওই এলাকার মৃত মাহবুব রহমান সিকদারের ছেলে এবং বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের চাচা বাবুল খাঁ জানান, রাইয়ানের সাথে স্থানীয় এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। তবে গত চার-পাঁচ দিন ধরে রাইয়ানের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় সেই মেয়েটি। এতে রাইয়ান মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।

তিনি আরও জানান, রাইয়ানের মা অসুস্থ থাকায় তিনি বুধবার রাতে ওষুধ খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। বৃহস্পতিবার শেষরাতে ওই প্রেমিকার সাথে রাইয়ানের ভিডিও কলে কথা হয়। একপর্যায়ে তাকে ভিডিও কলে সচল রেখেই রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে নিজের লুঙ্গি বেঁধে গলায় ফাঁস নেন রাইয়ান।

স্বজনরা জানান, রাইয়ান যখন গলায় ফাঁস দিচ্ছিলেন, তখন ভিডিও কলে থাকা তাঁর প্রেমিকা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাদের সাধারণ বন্ধুদের জানায়। খবর পেয়ে রাত পৌনে ৪টার দিকে বন্ধুরা রাইয়ানের বাসায় ছুটে যান। তারা এসে ঘরের দরজা ধাক্কাধাক্কি করলেও রাইয়ানের মা তাৎক্ষণিকভাবে জেগে উঠতে পারেননি।

পরবর্তীতে মা সজাগ হয়ে ঘরের দরজা খুলে দিলে বন্ধুরা দ্রুত রাইয়ানকে উদ্ধার করে মোটরসাইকেলে করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

হৃদয়বিদারক এই আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, “হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় প্রাথমিক একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন