নাসিরনগরে স্কুলছাত্রী অপহরণ চেষ্টায় তরুণী আটক
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার অভিযোগে সুমাইয়া আক্তার (২০) নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
অপহরণের চেষ্টার শিকার শিশু জান্নাত (৫) তুল্লাপাড়া গ্রামের আব্দুল বাছিরের মেয়ে এবং ওই বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী। আটককৃত সুমাইয়া আক্তারের বাড়ি কিশোরগঞ্জ জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে ক্লাস চলাকালীন সুমাইয়া আক্তার নামের ওই তরুণী বিদ্যালয়ে প্রবেশ করে। সে নিজেকে শিশু জান্নাতের "খালাম্মা" পরিচয় দিয়ে তাকে স্কুল থেকে সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মেয়েটির আচরণ সন্দেহজনক মনে হলে বিদ্যালয়ের শিক্ষক ও উপস্থিত অভিভাবকেরা তাকে হাতেনাতে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেন। কোনো সঠিক উত্তর দিতে না পারায় তাৎক্ষণিকভাবে বিষয়টি নাসিরনগর থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত তরুণীকে আটক করে থানায় নিয়ে যায়। নাসিরনগর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, শিশুটি বর্তমানে সম্পূর্ণ নিরাপদে তার পরিবারের কাছে রয়েছে। এই অপহরণ চেষ্টার ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা