পাঁচবিবিতে টানা বর্ষণে বেড়েছে সবজির দাম
মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: টানা বর্ষণে ফসলের ক্ষতি ও সরবরাহ কমে যাওয়ায় জয়পুরহাটের পাঁচবিবিতে উর্ধ্বমুখী সবজির বাজার। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ২৫ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে বিভিন্ন সবজির দাম। সবচেয়ে বেশি বেড়ে কাঁচা মরিচের কেজি ১৬০ টাকা পার হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকালে পাঁচবিবির কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সবজির দামের এই লাগামহীন বৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।
বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে ৩০ টাকা কেজিতে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। ৩০ টাকার বেগুন বেড়ে ৮০ টাকা, করলা ৮০ টাকা, পটল ৪০ টাকা এবং ওলকচু বেড়ে ৪৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া গোল আলু কেজিতে ৫ টাকা বেড়ে ৩৫ টাকা এবং কাটিলাল আলু ২৫ টাকায় বিক্রি হচ্ছে। আদা প্রতি কেজি ১৩০ টাকা ও রসুন ১০০ টাকা কেজিতে অপরিবর্তিত থাকলেও সেঞ্চুরি হাঁকানো কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।
বাজার করতে আসা ভ্যানচালক ছোটন বলেন, "দিনে যা আয় করি তা দিয়ে কোনো মতে সংসার চলে। হুট করে এভাবে সবজির দাম বাড়ায় বাজার করা কঠিন হয়ে পড়েছে।"
খুচরা সবজি ব্যবসায়ী বিরেশ চন্দ্র বর্মন জানান, টানা বৃষ্টিতে অনেক মাঠের সবজিক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় পাইকারি বাজারে সরবরাহ আশঙ্কাজনকভাবে কমে গেছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে বাজার আবার নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এআইএল/সকালবেলা
|