ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বালুবাহী অবৈধ ড্রাম ট্রাকের চাপায় এক সিএনজি অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় চেয়ারম্যানঘাট-সোনাপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত মোহাম্মদ জহির (৪৬) লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের চর ডাক্তার গ্রামের লাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে সোনাপুর থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা হাতিয়ার চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। পথে মৌলভী পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জহির মারা যান এবং অপর তিন যাত্রী গুরুতর আহত হন।
এলাকাবাসীর অভিযোগ, নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের গাইড ওয়াল নির্মাণ কাজের জন্য বালু ও পিলারের স্তূপ সড়কের ওপরই রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কের পাশে এই স্তূপ থাকায় চলাচলের জায়গা সংকুচিত হয়ে দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বেড়েছে। স্থানীয়দের দাবি, এই একই স্থানে ছোট-বড় অন্তত ২০টি দুর্ঘটনা ঘটেছে, যাতে এখন পর্যন্ত ৫ জনের প্রাণহানি হলো। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা একটি ড্রাম ট্রাক আটক করে ভাঙচুর চালায়।
চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ সরকার বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি শনাক্তের চেষ্টা করছে। সড়ক ও জনপথ বিভাগের মালামাল সড়কে স্তূপ করে রাখার বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ