নিকলী হাওর থেকে পর্যটকের লাশ উদ্ধার

প্রকাশ: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ণ
নিকলী হাওর থেকে পর্যটকের লাশ উদ্ধার

নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলীতে হাওরের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া গাজীপুরের পর্যটক শফিকুল ইসলাম তুলুর (২৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ রবিবার (১২ জুলাই) সকালে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার ঘোড়াউত্রা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩টার দিকে একই এলাকায় গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। নিহত শফিকুল ইসলাম তুলু গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গত শুক্রবার সকালে গাজীপুরের কাপাসিয়া থেকে ২০-২৫ জনের একটি পর্যটক দল নিকলী হাওর ভ্রমণে আসে। দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ তাদের বহনকারী নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় শফিকুল ইসলামসহ তিনজন হাওরের পানিতে গোসল করতে নামেন। একপর্যায়ে গভীর পানির স্রোতে শফিকুল ইসলাম তলিয়ে যান। সঙ্গে থাকা লোকজন তাৎক্ষণিক অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি।

নিকলী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আহসান হাবীব জানান, পর্যটক নিখোঁজ হওয়ার পর থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে প্রথম দুই দিন চেষ্টা করেও তাঁর কোনো সন্ধান মেলেনি। আজ রবিবার সকালে নিখোঁজের স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঘোড়াউত্রা নদীতে শফিকুলের মরদেহ ভেসে ওঠে। স্থানীয় জেলেরা মরদেহটি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিকলী থানা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন