বাগেরহাটে জমির বিরোধে হামলায় আহত ২

প্রকাশ: শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ণ
বাগেরহাটে জমির বিরোধে হামলায় আহত ২

বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বর্বরোচিত হামলায় অন্তত দুইজন গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করে বাগেরহাট সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী লাবনী বেগম (২৭)।

অভিযোগ সূত্রে জানা গেছে, সুন্দরঘোনা এলাকার স্থানীয় একটি পক্ষের সঙ্গে ভুক্তভোগী পরিবারের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে তীব্র বিরোধ চলে আসছিল। এই সীমানা ও মালিকানা সংক্রান্ত জটিলতাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিশ-বৈঠকের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও প্রতিপক্ষের একগুঁয়েমির কারণে কোনো স্থায়ী সমাধান হয়নি।

এরই ধারাবাহিকতায়, গত ১৮ মে বেলা সাড়ে ১২টার দিকে সুন্দরঘোনার তেয়ানীর মোড়ে ওত পেতে থাকা প্রতিপক্ষের একদল সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পাবেল হাওলাদারের ওপর আকস্মিক হামলা চালায়। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে পাবেল হাওলাদারের বাম হাত গুরুতরভাবে কেটে রক্তাক্ত জখম হয়। এ সময় তাঁকে বাঁচাতে বৃদ্ধ শামসুল হক হাওলাদারসহ পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসলে তাঁদেরও পিটিয়ে লাঞ্ছিত করা হয়। হামলায় সব মিলিয়ে অন্তত দুজন মারাত্মক আহত হন।

রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় স্থানীয়রা পাবেল হাওলাদারকে উদ্ধার করে তাৎক্ষণিক বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁর বাম হাতে অস্ত্রোপচার করে ১২টি সেলাই দেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, এই নৃশংস হামলার পরও ক্ষান্ত হয়নি বিবাদী পক্ষ। ভুক্তভোগী পরিবারটি যদি আইনি পদক্ষেপ বা মামলা দায়ের করে, তবে তাদের সন্তানদের গুম করা, বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং প্রবাসে থাকা স্বামীকে দেশে ফিরলে এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে হত্যার ভয়াবহ হুমকি দিচ্ছে আসামিরা।

অভিযোগকারী লাবনী বেগম কান্নাজড়িত কণ্ঠে সংবাদমাধ্যমকে বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়ে আমার স্বজনদের মারাত্মক আহত করা হয়েছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সন্ত্রাসীরা মামলা না করার জন্য প্রতিনিয়ত আমাদের ভয়াবহ পরিণতির হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “জমিজমা সংক্রান্ত বিরোধে মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ আমাদের হাতে এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা পাঠানো হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা অনুযায়ী আসামিদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ.আই.এল/সকালবেলা