ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রুপম চাকমা, দিঘীনালা (খাগড়াছড়ি) : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নে অবস্থিত বাঘাইহাট সাজেক কলেজে প্রথমবারের মতো যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকালে গঙ্গারাম এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সকাল ৭টায় সাজেক কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে গঙ্গারাম এলাকায় মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর মো. সালমান সিদ্দিক, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট আবদুল্লাহ আল আরাফাত।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৩৬ নং সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, সাবেক চেয়ারম্যান নয়ন চাকমা, সাজেক কলেজের প্রিন্সিপাল সুমন চাকমা এবং সাজেক কলেজ কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা। এছাড়াও ৪নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা, ৫নং ওয়ার্ডের মেম্বার পরিচয় চাকমা, মহিলা মেম্বার সুমিতা চাকমা, কারবারি এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমাসহ কলেজের শিক্ষক মণ্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মেজর মো. সালমান সিদ্দিক বলেন, “আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস—জাতির গর্বের দিন। আজকের এই দিনে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। এই দিনটি সকলের সাথে অত্যন্ত আনন্দের এবং গুরুত্বের সাথে পালন করার জন্য আমরা সাজেক কলেজের এই মাঠে একত্রিত হয়েছি। কলেজ ও সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও এই ধরনের কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা তাঁর বক্তব্যে বলেন, সাজেক কলেজ পুনরায় কার্যক্রম শুরু করায় এলাকার বহু অসহায় পরিবারের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন শিক্ষা কার্যক্রম ব্যাহত থাকায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছিল, কিন্তু বর্তমানে কলেজ সচল হওয়ায় তারা আবারও পড়াশোনায় ফিরে আসতে পারছে। এর ফলে স্থানীয় শিক্ষার পরিবেশ উন্নত হয়েছে এবং অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরেছে। তিনি অভিভাবকদের প্রতি সন্তানদের নিয়মিত কলেজে পাঠানোর আহ্বান জানান এবং এই উদ্যোগ বাস্তবায়নে সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি দুর্গম সাজেক অঞ্চলের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ