আরএফএল কর্মকর্তা খুন, সহকর্মী অন্তর সরকার পলাতক

প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ণ
আরএফএল কর্মকর্তা খুন, সহকর্মী অন্তর সরকার পলাতক

খুলনা ব্যুরো: খুলনার পাইকগাছায় প্রাণ-আরএফএল কোম্পানির বিশ্বজিৎ দেউড়ি (২৫) নামের এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি শাখাটিতে সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে কর্মরত ছিলেন। মর্মান্তিক এই ঘটনার পর থেকেই তার সহকর্মী ও রুমমেট অন্তর সরকার (২৩) অফিসিয়াল মোটরসাইকেলসহ আত্মগোপনে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই মাস ধরে ঝালকাঠি সদরের বেতরা গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ এবং মাদারীপুরের কালকিনির অন্তর সরকার পাইকগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকার একটি দোতলা বাড়ির নিচতলার ফ্ল্যাট ভাড়া নিয়ে এক সাথে থাকতেন। অন্তর সরকার সেখানে সহকারী টেকনিশিয়ান হিসেবে কর্মরত।

জানা যায়, গত সোমবার রাত পৌনে ১০টার দিকে দুজন এক সাথে স্থানীয় একটি দোকান থেকে নাশতা করেন। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত উভয়ের মুঠোফোন বন্ধ থাকায় সহকর্মী নয়ন রায় খোঁজ নিতে তাদের বাসায় যান। সেখানে ঘরের দরজার সামনে রক্ত এবং রক্তমাখা ছুরি দেখতে পেয়ে তিনি দ্রুত পুলিশে খবর দেন।

খবর পেয়ে পাইকগাছা সার্কেলের সহকারী পুলিশ সুপার আমীর হামজা ও তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছান। ঘরটি বাইর থেকে তালাবদ্ধ থাকায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝেতে বিশ্বজিতের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, কোনো অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা পূর্বশত্রুতার জের ধরে সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুরের মধ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বিশ্বজিৎকে হত্যার পর লাশ ঘরের ভেতর আটকে রেখে সহকর্মী অন্তর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

পাইকগাছা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার মূল রহস্য উন্মোচন এবং অভিযুক্ত অন্তরকে গ্রেফতার করতে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন