হতদরিদ্র ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার দিলেন রাসিক প্রশাসক
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন সমবায় সমিতির উদ্যোগে রাজশাহী মহানগরীর হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে জরুরি খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বিকেলে শহীদ জিয়া শিশুপার্ক সংলগ্ন ‘স্বপ্নের বাগান’ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে চার শতাধিক সুবিধাভোগীর মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। রাজশাহী সিটি কর্পোরেশন সবসময়ই সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের যেকোনো মানবিক উদ্যোগে পাশে থাকবে। এছাড়া রাজশাহীতে প্রতিবন্ধী জনগোষ্ঠীর চিকিৎসা সেবায় একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।"
তিনি আরও বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে আমাদের প্রত্যেককে অন্তত একটি করে গাছের চারা রোপণ করা উচিত।" একই সাথে রাজশাহী মহানগরীর যেসব উন্নয়নমূলক কাজ এখনো অসমাপ্ত রয়েছে, নাগরিক সেবা সুনিশ্চিত করতে সেগুলো দ্রুত সম্পন্ন করা হবে বলেও আশ্বস্ত করেন রাসিক প্রশাসক।
লিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থার সভাপতি মোমিনুল ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিফাত ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ জনি।
এআইএল/সকালবেলা
|