হাসনাত আব্দুল্লাহর বৈঠকে আ. লীগ নেতা, বিএনপির প্রতিবাদ
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বাসিন্দাদের সাথে মতবিনিময় করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তবে ওই সভায় স্থানীয় আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে দেবিদ্বার উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন।
আজ শুক্রবার (১৭ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার সংচাইল এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বড়শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আউয়াল চেয়ারম্যানের মালিকানাধীন ‘প্রভাতী ফিসারিজ’ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এমপি হাসনাত আব্দুল্লাহর উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সভায় বড়শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আউয়াল চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আহসানুর রশিদ শামীম এবং ছোটশালঘর এলাকার আওয়ামী লীগ নেতা মো. শাজাহান মাস্টারসহ দলটির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় জনগণের নানামুখী সমস্যা, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও জনসেবা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ উপস্থিত সাধারণ মানুষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো নিজের ডায়েরিতে নোট করে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এদিকে, নিষিদ্ধ কিংবা রাজনৈতিকভাবে বিতর্কিত আওয়ামী লীগ নেতাদের সাথে সংসদ সদস্যের এই রুদ্ধদ্বার বৈঠকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনাটি নিয়ে উপজেলার রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা ও গুঞ্জন শুরু হয়েছে।
এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদদীন সরকার বলেন, "হাসনাত আব্দুল্লাহর কথার সাথে কাজের কোনো মিল নেই। তিনি মাঠে সাধারণ মানুষের সামনে এক ধরনের বার্তা দেন, আর ভেতরে গিয়ে ভিন্ন কাজ করেন। তিনি কীভাবে একটি ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সাথে নিয়ে বৈঠক করেন? দেশের সাধারণ জনগণ তাঁর এমন দ্বিচারিতাপূর্ণ আচরণে অত্যন্ত ক্ষুব্ধ।"
বিতর্কিত এই বৈঠকের বিষয়ে বক্তব্য জানতে বড়শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আউয়াল চেয়ারম্যানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অন্যদিকে, আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠকের বিষয়ে জানতে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর মুঠোফোনে কল করা এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
এআইএল/সকালবেলা
|