মেহেরপুরে কুকুরের কামড়ে আহত ২০, এলাকাজুড়ে আতঙ্ক

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ণ
মেহেরপুরে কুকুরের কামড়ে আহত ২০, এলাকাজুড়ে আতঙ্ক

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের রামনগর গ্রামে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন। 

আজ শুক্রবার (১৭ জুলাই ২০২৬) দুপুরে গ্রামের বিভিন্ন পাড়ায় ৪-৫টি বেওয়ারিশ কুকুর আচমকা পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ওপর চড়াও হলে গ্রামজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ এলাকাবাসী একটি কুকুরকে পিটিয়ে মেরে ফেলে।

আহতদের মধ্যে—জিনারুল ইসলাম, ফাতেমা খাতুন, আবেদা খাতুন, রশিদুল ইসলাম, রেকছনা খাতুন, আসলাম হক, আকলিমা খাতুন, নবির হোসেন, জিহাদ আলী, আরিফুল ইসলাম, সাকিবুল হোসেন, জাকির হোসেন, রাফসান আলী, ফাতেমা বেগম ও হামিদা খাতুনসহ প্রায় ২০ জনের নাম জানা গেছে। এছাড়া কয়েকটি গবাদিপশুও (ছাগল) কুকুরের কামড়ে জখম হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিচ্ছিন্নভাবে দু-একটি ঘটনা ঘটলেও একসাথে এত মানুষ আক্রান্ত হওয়ার ঘটনা নজিরবিহীন। আহত রহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম জানান, কুকুরগুলো হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে সামনে যাকে পেয়েছে তাকেই কামড়েছে। সরকারি হাসপাতালে ভ্যাকসিন পাওয়া যাবে কি না—এমন সংশয় থেকে অনেকেই বেসরকারি ক্লিনিকে গিয়ে জলাতঙ্কের টিকা নিয়েছেন। পরিস্থিতি বেগতিক দেখে অনেকে দোকান ও বাড়িঘরে আশ্রয় নিতে বাধ্য হন।

রামনগর গ্রামের বিএনপি নেতা হান্নান খান এবং বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুকুরের উপদ্রব এখন জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আক্রান্তদের দ্রুত সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা ও জলাতঙ্কের ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

গাংনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, বর্তমানে কুকুরের ভ্যাকসিনেশনের (টিকা) জন্য কোনো সরকারি বরাদ্দ নেই। সর্বশেষ ২০২২ সালে দেশব্যাপী জলাতঙ্ক প্রতিরোধ কর্মসূচির আওতায় কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, এরপর আর কোনো সরকারি নির্দেশনা আসেনি।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরামুল হক বলেন, "উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন মজুত রয়েছে। কুকুরের কামড়ে আহতদের কোনো অবহেলা না করে ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে এসে প্রয়োজনীয় চিকিৎসা ও ফ্রি ভ্যাকসিন নেওয়ার অনুরোধ জানাচ্ছি।"

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, "ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে সরকারি বিধিমালা অনুসরণ করে দ্রুত প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।"

প্রসঙ্গত, এর আগে গত ১৪ জুন গাংনী পৌর শহরেও বেওয়ারিশ কুকুরের কামড়ে ১৭ জন আহত হয়েছিলেন। পরপর এ ধরনের ঘটনায় স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন