দুর্নীতির অভিযোগে দেওয়ানগঞ্জে প্রধান শিক্ষককে অব্যাহতি

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ণ
দুর্নীতির অভিযোগে দেওয়ানগঞ্জে প্রধান শিক্ষককে অব্যাহতি

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের চরভবসুর সাহাবুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৭ জুলাই ২০২৬) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। এর আগে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এই সংক্রান্ত এক আদেশ জারি করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাবে ব্যাপক অনিয়ম, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত বিদ্যালয়ের এক কর্মচারীকে সাজাভোগকালীন সময়ে অনৈতিকভাবে বেতন প্রদান ও হাজিরা খাতায় স্বাক্ষর করানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে।

এসব অভিযোগ তদন্তের জন্য বৃহস্পতিবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাসকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হওয়া রোধ করতে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রধান শিক্ষককে তাঁর পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রধান শিক্ষকের সাময়িক অব্যাহতি চলাকালীন সময়ে বিদ্যালয়ের দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম সচল রাখতে সিনিয়র সহকারী শিক্ষক মাছুদুজ্জামানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন: "প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষ ও নিবিড়ভাবে খতিয়ে দেখতে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত কার্যক্রমে যাতে কোনো ধরনের প্রভাব বা প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, সে জন্য সাময়িকভাবে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন