ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের পশ্চিমডাঙ্গা গ্রামে অবস্থিত গুরুত্বপূর্ণ ‘গোদাড়ার খাল’ দীর্ঘদিনের দখলমুক্ত করেছে এলাকাবাসী।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে প্রায় দুই শতাধিক স্থানীয় মানুষ একত্রিত হয়ে খালের ওপর দেওয়া অবৈধ বাঁধ অপসারণ করেন।
জীবতলা গেট থেকে শশখালী গেট পর্যন্ত বিস্তৃত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এই খালটি এলাকার কৃষি ও পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম। অভিযোগ রয়েছে, দীর্ঘ দিন ধরে প্রভাবশালী কয়েকটি পক্ষ খালের বিভিন্ন অংশে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছিল। এর ফলে খালের স্বাভাবিক জোয়ার-ভাটা ব্যাহত হওয়া ছাড়াও বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও কৃষি জমিতে সেচ সংকটের সৃষ্টি হচ্ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, বারবার অনুরোধ সত্ত্বেও দখলদাররা সরে না যাওয়ায় শুক্রবার তারা ঐক্যবদ্ধ হয়ে খালের বাঁধ অপসারণ করেন। জামায়াতে ইসলামী ষাটগম্বুজ ইউনিয়নের ১ নং ওয়ার্ড সেক্রেটারি শেখ অয়েচকুরুনী এবং রাইজিং স্টার ইয়ুথ গ্রুপের সদস্যরা এই উদ্যোগে অংশ নেন। এলাকাবাসী জানান, "অনেকে জনস্বার্থে নিজেদের জমির অংশ ছেড়ে দিলেও প্রভাবশালীরা বারবার দখল করে খালের মুখ বন্ধ রাখত।"
এ বিষয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, "গোদাড়ার খালটি দখলমুক্ত রাখতে এলাকাবাসীকে সহযোগিতা করা হয়েছে। খাল ও জলাশয় দখলমুক্ত রাখা জনস্বার্থে জরুরি। ভবিষ্যতে যাতে কেউ পুনরায় দখল করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।"
বাঁধ অপসারণের পর খালে জোয়ারের পানি ঢুকতে শুরু করায় স্থানীয় কৃষক ও মৎস্যজীবীদের মাঝে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে। এলাকাবাসী এখন খালটি স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ