সীমান্ত হত্যা বন্ধ না হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চান নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ণ
সীমান্ত হত্যা বন্ধ না হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চান নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “সীমান্তে ক্রমাগত বাংলাদেশি হত্যা চলতে থাকলে স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। তা না হলে আমাদেরকে দায়িত্ব দিন, আমরা সীমান্ত হত্যা বন্ধ করে দেখাব। আমাদের অস্ত্র না থাকলেও আমরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বাঁশ হাতে সীমান্তে রেডি হবো। কোনো অবস্থাতেই কোনো ভারতীয় বাহিনীকে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করতে দেবো না।”

আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত স্থানীয় যুবক খাদেমুলের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সীমান্তে বিজিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিএসএফ গুলি করে নির্বিচারে বাংলাদেশি নাগরিক হত্যা করে, আর আমাদের বিজিবি তাদের প্রেস রিলিজে ভারতীয়দের দেওয়া বয়ান বা বক্তব্য উল্লেখ করে। আমরা মনে করি, বাংলাদেশের সাধারণ মানুষ চোরাচালান করতে পারে না। সীমান্তের এই মানুষগুলো মূলত অত্যাচার ও নির্যাতনের শিকার। আমরা সবসময় সীমান্তের এই শহীদদের পাশে থাকব। ভবিষ্যতে আমরা যদি সরকার গঠন করতে পারি, তবে এই ভুক্তভোগী পরিবারগুলোর জন্য একটি বিশেষ ফাউন্ডেশন গঠন করে দেবো। একই সঙ্গে সীমান্তে শহীদদের সরকারিভাবে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। কারণ, মাছ ধরতে যাওয়া নিরীহ বাংলাদেশি খাদেমুলকে বিএসএফ অন্যায়ভাবে গুলি করে শহীদ করেছে।”

ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি উল্লেখ করে তিনি আরও বলেন, “বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যের সীমান্ত এলাকায় চরম অস্থিতিশীলতা বিরাজ করছে। সেই সংকটময় পরিস্থিতি বিবেচনা করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে সীমান্তে ‘রেড অ্যালার্ট’ জারি করার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সীমান্তবাসীকে বলব, আপনারা নিজেদের সুরক্ষায় সংঘবদ্ধ হোন।”

আওয়ামী লীগ ও শেখ হাসিনার সমালোচনা করে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, “ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন, তখন শেখ মুজিবের রেখে যাওয়া গুন্ডা বাহিনী ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে জিয়া সরকারকে ডিস্টার্ব করেছিল। ঠিক একই কায়দায় বর্তমানে শেখ হাসিনাও ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করে যাচ্ছেন। তারা ওখানের পশ্চিমবঙ্গ সরকারের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের সীমান্তে এই হত্যাযজ্ঞ চালাচ্ছে।”

তিনি বর্তমান সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, খুনি আওয়ামী লীগের সাথে কোনো ধরনের লিয়াজোঁ বা আপস করবেন না। বরং আমরা এসে শেখ হাসিনাকে যদি আইনি প্রক্রিয়ায় ফাঁসির দঁড়িতে ঝুলাতে পারি, তাহলেই এই সীমান্ত হত্যা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে এবং সীমান্তের সাধারণ মানুষ নিরাপদ থাকবে।”

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “সরকারকে বলব, ভারত থেকে সব ধরনের পুশইন (জোরপূর্বক অনুপ্রবেশ) বন্ধ করার কার্যকর পদক্ষেপ নিন। সীমান্তবাসীকে রাতে সজাগ থেকে লাঠি-বাঁশ নিয়ে পাহারা দেওয়ার অনুরোধ করছি, যাতে ওপার থেকে তারা কাউকে এপারে পুশইন করাতে না পারে। আমরা ইতিমধ্যেই লাখ লাখ রোহিঙ্গা নিয়ে বড় ঝামেলায় আছি, নতুন করে আর কোনো সংকট মাথায় নিতে চাই না।”

দেশের চলমান পরিস্থিতি ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “জনগণের গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করুন। আপনারা রায় বাস্তবায়ন করলে আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকব। আর গণভোটের রায় বাস্তবায়ন না করলে এই সরকার টিকতে পারবে না। কারণ, এই সরকার নতুন কোনো সুনির্দিষ্ট কাঠামো সৃষ্টি করতে পারছে না।”

সাংবাদিকদের ওপর মামলার বিষয়ে এনসিপি নেতা বলেন, “দেশে সাংবাদিকদের ওপর এখনও এক ধরনের নিপীড়ন চলছে। আগে এই কাজটা করত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার, আর এখন করছে বর্তমান সরকার। পেশাদার ও সত্যনিষ্ঠ সকল সাংবাদিকের বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাদের মুক্তি দিতে হবে। যারা সত্যের পক্ষে কাজ করেন, আমরা সবসময় সেই সাংবাদিকদের পাশে আছি। তবে ভারতের দালাল ও মিথ্যাচারী সাংবাদিকদের কোনো ছাড় দেওয়া হবে না।”

লালমনিরহাটে এই সফরকালে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক রাসেল আহমেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে এনসিপির নেতারা বিএসএফের গুলিতে নিহত খাদেমুলের বাড়িতে যান এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। পরে নিহতের কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ হাতীবান্ধা ত্যাগ করেন।

উল্লেখ্য, গত ১৪ মে হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বিএসএফের নির্বিচার গুলিতে স্থানীয় বাংলাদেশি যুবক খাদেমুল নির্মমভাবে নিহত হন।

জান্নাত সকালাবেলা