বনবিভাগের গুলিতে জেলের মৃত্যু, কার্যালয় ভাঙচুর
মেহেদী হাসান মারুফ, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে আমিরুল ইসলাম গাজী (৪৫) নামে এক কাঁকড়া আহরণকারী জেলেকে খুলনা রেঞ্জের বনবিভাগ কর্তৃক গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিকেল ৪টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় ও বুড়িগোয়ালিনী স্টেশন ভাঙচুর করেছে। হামলায় বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।
সোমবার (১৮ মে) সকাল ৭টার দিকে সুন্দরবনের শতমুখী খাল এলাকায় গুলির ঘটনাটি ঘটে।
নিহত মো. আমিরুল ইসলাম গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৭ নং সোরা এলাকার মৃত আকসেদ গাজীর ছেলে। গাবুরার স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ আগে আমিরুল ইসলাম সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট ক্যাম্প হতে বৈধ পাস (অনুমতিপত্র) নিয়ে সুন্দরবনে কাঁকড়া আহরণ করতে যান। আজ সোমবার সকালে সুন্দরবনের শতমুখী খাল এলাকায় খুলনার রেঞ্জ বনবিভাগের স্মার্ট টিমের গুলির আঘাতে তিনি নিহত হন।
নিহত আমিরুলের সঙ্গী জেলেরা অভিযোগ করে বলেন, “আমরা দুই নৌকায় চারজন খালের ভেতরে ছিলাম। বনবিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা ট্রলার ও স্পিডবোট চালিয়ে এসে আমাদের খালের মুখে ডাকে। নদী উত্তাল থাকায় আমাদের নৌকা চালিয়ে ওদের কাছে যেতে সামান্য দেরি হওয়ায় বনবিভাগের সদস্যরা সরাসরি গুলি চালায়। তখন আমিরুল নৌকার পেছনে বসা ছিলেন, গুলিটি সরাসরি তাঁর বুকে লাগে। এরপর তারা আমাদের নৌকার পাশে এসে আমিরুলকে মৃত দেখে দ্রুত স্পিডবোট চালিয়ে চলে যায়।”
জেলে নিহতের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে বিকেল ৪টার দিকে হাজার হাজার ক্ষুব্ধ গ্রামবাসী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বুড়িগোয়ালিনীতে অবস্থিত বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় ও বুড়িগোয়ালিনী স্টেশনে একযোগে হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ের প্রধান ফটক ও বারান্দার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও আসবাবপত্রে অগ্নিসংযোগ করে।
রেঞ্জ অফিসের অফিস সহকারী মেজবাউল ইসলাম জানান, “হামলাকারীরা সংখ্যায় অনেক ছিল। তারা অতর্কিতে আমাদের রেঞ্জ অফিসের বারান্দার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। কিছু বুঝে ওঠার আগেই আমাদের সহকর্মীদের মারধর শুরু করে।” এ ঘটনায় গুরুতর আহত ৬ জনকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, “আমি ইতোমধ্যে বনবিভাগ খুলনার ডিএফও, সাতক্ষীরা রেঞ্জের এসিএফ, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শ্যামনগর থানার ওসিকে বিষয়টি অবহিত করেছি। ডিএফও আমাকে আশ্বস্ত করেছেন যে, সঠিক তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
খুলনা রেঞ্জ বনবিভাগের কর্মকর্তা মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সুন্দরবনের ভেতরে বর্তমানে বনদস্যু ও অবৈধ অনুপ্রবেশকারী নির্মূলে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলছে। সেখানে বনবিভাগ ও কোস্টগার্ডসহ অন্যান্য বাহিনী একযোগে দায়িত্ব পালন করছে। খালের ভেতরে ভুল বোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটেছে কি না, তা উচ্চপর্যায়ের কমিটির মাধ্যমে তদন্ত করে দেখা হচ্ছে।” বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ.আই.এল/সকালবেলা