গাজীপুরে দোকান থেকে স্বর্ণব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ণ
গাজীপুরে দোকান থেকে স্বর্ণব্যবসায়ীর লাশ উদ্ধার

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের গাছা এলাকায় একটি জুয়েলারি দোকানের ভেতর থেকে আবুল কালাম আজাদ (৪০) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) দুপুরে ভূষির মিল এলাকার আব্দুল গনি রোডের ‘সাদিয়া জুয়েলার্স’ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আজাদ ওই দোকানের মালিক এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভোলাইন গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ভেতরেই ঘুমিয়ে পড়েন আজাদ। রোববার বেলা গড়ালেও দোকান না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। সাড়াশব্দ না পেয়ে স্থানীয় এক ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন।

খবর পেয়ে গাছা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাটার খুলে আজাদের গলাকাটা লাশ উদ্ধার করে। পরে সিআইডির সুরতহাল দল আলামত সংগ্রহ করে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। দ্রুতই ঘটনার রহস্য উদঘাটিত হবে।

এআইএল/সকালবেলা