ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো: ইমরান হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে ২৭ বিজিবি মারিশ্যা জোন এই সফল অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)-এর নেতৃত্বে একটি চৌকস দল বাঘাইছড়ির জীবতলী এলাকায় অভিযান চালায়। অভিযানে বিজিবির ক্যাপ্টেন অমিত কুমার সাহা ও সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত সন্ত্রাসীরা একটি ব্যাগ ফেলে দ্রুত গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে জীবতলী ব্রিজের নিচে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১টি বিদেশি চাইনিজ পিস্তল, ১টি ওয়ান শুটার গান, বেশ কিছু তাজা গুলি ও গুলির খোসা, ৪টি চাইনিজ কুড়াল, ২টি বড় ধারালো রামদা এবং ১টি গুলতিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) জানান, উদ্ধারকৃত এসব অস্ত্র ও সরঞ্জাম সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান, বিশেষ করে ভারতীয় সিগারেট পাচার কাজে ব্যবহৃত হয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “অস্ত্র উদ্ধার হলেও আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই চোরাচালান চক্রের গডফাদারদের শনাক্ত করে আইনের আওতায় আনা। সীমান্ত এলাকায় মাদক, অবৈধ অস্ত্র ও সকল ধরনের অপরাধ দমনে বিজিবির এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ