ঈদে নিরাপত্তা নিশ্চিতে পুলিশের একগুচ্ছ নির্দেশনা
মো. দুলাল সরকার, গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আজহা উৎসবমুখর ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে চালক, যাত্রী ও সাধারণ মানুষকে সচেতন করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পরামর্শ ও ট্রাফিক নির্দেশনা দিয়েছে হাইওয়ে পুলিশ।
আজ রবিবার (২৪ মে) মুন্সিগঞ্জের ভবেরচর হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এই বিশেষ পরামর্শ দেওয়া হয়।
পরামর্শে বলা হয়েছে, ঈদে যাঁরা নাড়ির টানে বাড়ি ফিরবেন, তাঁরা যাতায়াতের জন্য ঈদের আগে ও পরে পর্যাপ্ত সময় হাতে নিয়ে নিজেদের ভ্রমণ পরিকল্পনা সাজান। এতে বাস টার্মিনালগুলোতে শেষ মুহূর্তের হুড়োহুড়ি ও মারাত্মক ভিড় এড়ানো সহজ হবে। একই সাথে জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে এবং পণ্যবাহী ট্রাক, পিকআপ ও ঝুঁকিপূর্ণ যানবাহনে ভ্রমণ করা থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ কামাল আকন্দ সার্বিক প্রস্তুতির বিষয়ে জানান, “গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৩ কিলোমিটার এলাকায় এবার অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দিনরাত ২৪ ঘণ্টা পুলিশ সদস্যরা সক্রিয় থাকবেন। যেহেতু পশুর হাটের কারণে বর্তমানে মহাসড়কে গরুর গাড়ি ও পশুবাহী ট্রাকের চাপ বেশি, তাই আমরা প্রতিনিয়ত বিশেষ ডিউটি করছি। আশা করা যায়, অন্য যেকোনো সময়ের চেয়ে এবার মানুষ অত্যন্ত নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি ফিরে ঈদ করতে পারবেন।”
ওসি শাহ কামাল আকন্দ আরও বলেন, ঈদের এই সময়ে মহাসড়ক ও বাসস্ট্যান্ডগুলোতে অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ নানা ধরনের প্রতারক চক্রের তৎপরতা বেড়ে যায়। তাই যাত্রাপথে অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে কোনো ধরনের খাবার, ফলমূল কিংবা পানীয় গ্রহণ করা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। যাতায়াতের সময় কাউকে অজ্ঞান পার্টি বা মলম পার্টির সদস্য বলে সন্দেহ হলে কালক্ষেপণ না করে তাৎক্ষণিক নিকটস্থ হাইওয়ে পুলিশকে খবর দিতে অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি।
এআইএল/সকালবেলা