সাকুরা বাসের চাপায় বাউফলের যুবক নিহত
জাহিদ শিকদার, বিশেষ প্রতিনিধি: বরিশালের রূপাতলীতে সাকুরা পরিবহনের একটি বেপরোয়া দূরপাল্লার বাসের চাপায় মো. শাহিন মৃধা (৩০) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
গতকাল রবিবার (১৭ মে) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে বরিশালের রূপাতলী নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন মৃধা পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মাওলা মৃধার ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ব্যক্তিজীবনে শাহিন এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রবিবার রাতে রূপাতলী বাস টার্মিনাল সংলগ্ন এলাকার সড়কের পাশে একটি দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন শাহিন। এ সময় সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাস বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ওই চায়ের দোকানে তুলে দেয় এবং শাহিনকে চাপা দেয়। বাসের প্রচণ্ড ধাক্কায় ও চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শাহিনের মৃত্যু হয়।
অত্যন্ত নম্র, ভদ্র ও সদালাপী স্বভাবের কারণে নিজ এলাকায় শাহিনের ব্যাপক পরিচিতি ও সুনাম ছিল। একজন ভালো মানুষ হিসেবে পরিচিত শাহিনের এমন আকস্মিক ও নৃশংস মৃত্যুর খবর আজ সোমবার সকালে তাঁর গ্রামের বাড়ি বাউফলের কাছিপাড়ায় পৌঁছালে পরিবার ও গোটা এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতের বাড়িতে শুরু হয় স্বজনদের বুকফাটা আর্তনাদ। এদিকে শাহিনের এই অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন তাঁর বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনসহ সর্বস্তরের মানুষ। তাঁরা এই বেপরোয়া বাস চালকের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিরাপদ সড়কের জোর দাবি জানিয়েছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এ ঘটনায় বরিশাল কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ.আই.এল/সকালবেলা