বগুড়ায় পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ: শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ণ
বগুড়ায় পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার

ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি: বগুড়া পুলিশ লাইন্সের একটি কক্ষ থেকে আরিফুল ইসলাম (৪০) নামের এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে পুলিশ লাইন্সের বেতার শাখার একটি ওয়ার্কশপ কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত আরিফুল ইসলাম বগুড়ার বেতার শাখায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘরিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

পুলিশ ও সহকর্মী সূত্রে জানা যায়, পুলিশ লাইন্সের বেতার শাখার দোতলার একটি ব্যারাকে সহকর্মীদের সঙ্গে থাকতেন এএসআই আরিফুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকেও তাঁকে কক্ষে সহকর্মীদের সাথে স্বাভাবিক অবস্থায় দেখা যায়। তবে আজ শুক্রবার সকালে তাঁকে কক্ষে না পেয়ে সহকর্মীরা প্রথমে ধারণা করেছিলেন যে তিনি নিচতলায় নিজ ডিউটি পালন করছেন। পরবর্তীতে সকাল ১০টার পরও তাঁর কোনো খোঁজ না মেলায় দীর্ঘ সময় পর পাশের একটি ওয়ার্কশপ কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান সহকর্মীরা। এতে সন্দেহ হলে তাঁরা জানালার ফাঁক দিয়ে উঁকি দেন এবং সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় আরিফুলের লাশ দেখতে পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেন।

খবর পেয়ে বগুড়ার পুলিশ সুপার (এসপি) মীর্জা সায়েম মাহমুদ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ সুপার জানান, নিহতের স্ত্রী ও সন্তান গ্রামের বাড়িতে থাকেন। খবর পেয়ে তাঁরা বগুড়ায় এসেছেন। পরিবারের সঙ্গে প্রাথমিক কথা বলে এখন পর্যন্ত কোনো ধরনের পারিবারিক বিরোধ বা কলহের তথ্য পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিপুল অংকের ঋণসংক্রান্ত তীব্র মানসিক চাপের কারণে তিনি নিজের ঘরে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা—ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্ত ও সিআইডির ফরেনসিক টিম কাজ করছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

এ.আই.এল/সকালবেলা