সিরাজদিখানে পশুর হাট নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

প্রকাশ: শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:২৮ অপরাহ্ণ
সিরাজদিখানে পশুর হাট নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের ঐতিহ্যবাহী বালুচর বাজার সরকারি পশুর হাট পরিচালনা কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বর্বরোচিত ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

আজ শুক্রবার (২২ মে) সকাল ৯টার দিকে বালুচর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে টেঁটাবিদ্ধসহ হাট ইজারাদার কমিটির কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৩ মে শনিবার ও ২৬ মে মঙ্গলবার বালুচর বাজারে ঐতিহ্যবাহী গরু-ছাগলের হাট বসার কথা রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী এ হাটের ইজারা নিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান। হাটটি সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে ইজারাদারের পক্ষ থেকে স্থানীয় মো. মোক্তার হোসেন ও মো. শহীদ বাউলকে দায়িত্ব প্রদান করা হয়। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয়দের নিয়ে বালুচর বাজারে হাট পরিচালনা কমিটির এক জরুরি সভার আয়োজন করা হয়।

অভিযোগ রয়েছে, সভা চলাকালে ইজারার টাকা ও নিয়ন্ত্রণ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মোল্লাকান্দি গ্রামের ‘সরকার বাড়ি’ ও ‘মুন্সিবাড়ি’ গ্রুপের লোকজন অতর্কিত অস্ত্রশস্ত্র নিয়ে মো. শহীদ বাউলের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, শহীদ বাউলের গরুর খামারে ঢুকে জমির মুন্সি ও আসাদ সরকারের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাণ্ডব ও ভাঙচুর শুরু করে। এ সময় খামারের মালিক শহীদ বাউল বাধা দিতে গেলে তাঁকে লক্ষ্য করে বিষাক্ত টেঁটা নিক্ষেপ করা হয়। টেঁটাবিদ্ধ হয়ে তিনি গুরুতর জখম হন। পরবর্তীতে বাউল বাড়ির লোকজন তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে উভয় পক্ষ লাঠিসোঁটা, ইটপাটকেল ও টেঁটা নিয়ে মুখোমুখি রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে বাজার এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং সাধারণ ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়।

এ বিষয়ে হাটের মূল ইজারাদার মোহাম্মদ জাহিদুর রহমান তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বাজারের দীর্ঘদিনের শান্তি-শৃঙ্খলা ও অর্থনৈতিক পরিবেশ নষ্ট করতে একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। তাদের মূল উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারি, পাইকার ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, যাতে কেউ এই হাটে পশু কিনতে বা বিক্রি করতে না আসে। আমরা প্রশাসনের কাছে এই বাজার দখলকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।”

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পশুর হাট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও উত্তেজনার খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। টেঁটাবিদ্ধ আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ.আই.এল/সকালবেলা