গজারিয়ায় চিকিৎসাধীন কিশোরের পরিচয় সন্ধান করছে পুলিশ
মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক কিশোর (আনুমানিক ১৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তবে দুর্ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও এখনও পর্যন্ত তার নাম বা পরিবারের কোনো সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে তার পরিচয় শনাক্তের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ভবেরচর হাইওয়ে পুলিশ।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় ওই কিশোর গুরুতর আহত হয়। ঘটনার পর এক অজ্ঞাত পথচারী তাকে উদ্ধার করে দ্রুত গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ভবেরচর হাইওয়ে পুলিশকে অবহিত করে।
আহত কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে হাইওয়ে পুলিশ তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। সেখানে জরুরি চিকিৎসা শেষে বর্তমানে তাকে আবার গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরিয়ে এনে চিকিৎসাধীন রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ কামাল আখন্দ বলেন, “আহত কিশোরটি নিজের নাম বা ঠিকানা কিছুই বলতে পারছে না। প্রাথমিকভাবে তাকে কিছুটা মানসিক প্রতিবন্ধী বলে মনে হচ্ছে। আমরা তার পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছি এবং সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।”
কোনো সহৃদয় ব্যক্তি ছবিতে থাকা বা হাসপাতালে চিকিৎসাধীন এই কিশোরের পরিচয় অথবা তার পরিবারের সন্ধান জেনে থাকলে অবিলম্বে ভবেরচর হাইওয়ে থানা বা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।
এআইএল/সকালবেলা