নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন
আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে অন্যত্র স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে এবং প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহীবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেন রাজশাহী মহানগর বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের একটি চক্রান্ত বা প্রস্তাব তৈরি করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের সিদ্ধান্ত আঞ্চলিক বৈষম্য সৃষ্টি করবে এবং রাজশাহী অঞ্চলের প্রশাসনিক কার্যক্রম, অর্থনৈতিক উন্নয়ন ও জনস্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
বক্তারা আরও হুঁশিয়ারি দেন যে, রাজশাহীর ন্যায্য অধিকার ও স্বার্থের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। রাজশাহীর ঐতিহ্য ও অধিকার রক্ষায় নেসকোর সদর দপ্তর এখানেই রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোড় দাবি জানান তারা। এ সময় রাজপথে চলমান এ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন উপস্থিত রাজনৈতিক ও নাগরিক নেতৃবৃন্দ।
এআইএল/সকালবেলা