মাদারীপুরে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার
নাজমুল হাসান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিন সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৭ মে) মধ্যরাতে একটি ভবনের ভেতর থেকে দরজা ভেঙে তাঁদের লাশ উদ্ধার করা হয়। একই বিছানায় তিনজনের রহস্যজনক মৃত্যুর এই ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন—মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তাঁর স্ত্রী ইশা দাস এবং তাঁদের ৮ মাস বয়সী এক অবুঝ কন্যাসন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের আমিরাবাদ এলাকার বাসিন্দা মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্ত্বনা রানী চন্দের বাসায় গত ৩ বছর ধরে ভাড়া থাকেন মিষ্টি বাড়ৈ নামের এক নারী। মিষ্টির স্বামী যতীন বাড়ৈ একজন ইতালি প্রবাসী এবং তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকায়। গতকাল রবিবার বিকেলে চিন্ময় দাস তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে মিষ্টি বাড়ৈয়ের ওই ভাড়া বাসায় আসেন। সে সময় চিন্ময় নিজেকে মিষ্টির আপন চাচাতো ভাই হিসেবে পরিচয় দেন।
পরবর্তীতে মধ্যরাতে ওই বাসা থেকে একটি ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাদারীপুর সদর মডেল থানা পুলিশ। ঘরের ভেতর থেকে দরজা ভেতরমুখী লক করা থাকায় পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় শোবার ঘরের বিছানায় তিনজনের লাশ পাশাপাশি পড়ে থাকতে দেখা যায়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে মধ্যরাতে আমরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তিনজনের লাশ উদ্ধার করি। ওই সময় মিষ্টি বাড়ৈ পাশের রুমে একা ছিলেন। মূলত তাঁর ফোন পেয়েই পুলিশ সেখানে যায় এবং এই নিথর দেহগুলো উদ্ধার করে।"
ওসি আরও জানান, ঘটনাটি বিষপ্রয়োগে পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি তারা কোনো কারণে আত্মহত্যা করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এবং ঘটনার পারিপার্শ্বিকতার কারণে ওই প্রবাসী স্ত্রী মিষ্টি বাড়ৈকে পুলিশের সন্দেহের তালিকায় রাখা হয়েছে এবং তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে, আজ সোমবার সকালে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। এই ত্রিপল মার্ডার বা আত্মহত্যার ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ.আই.এল/সকালবেলা