বান্দরবানের থানচিতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবেশী কিশোর গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ণ
বান্দরবানের থানচিতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবেশী কিশোর গ্রেপ্তার
শিশুকে ধর্ষণের ঘটনা জানাজানি হলে থানচি থানার সামনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। ছবি: ভিডিও থেকে নেওয়া

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের থানচি উপজেলা সদর এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ রোববার সকালে ১৬ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের ঘটনা জানাজানি হলে দুপুরে থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা থানার সামনে থেকে তাঁদের সরিয়ে দেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কিশোর শিশুটির প্রতিবেশী। গতকাল শনিবার দুপুরে শিশুটিকে বাসায় রেখে মা–বাবা কাজে বাইরে যান। বিকেলে তাঁরা শিশুটিকে আহত অবস্থায় দেখতে পান। এরপর থানায় অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিকভাবে কিশোরকে আটক করে নিয়ে যায়। সঙ্গে অভিভাবকসহ শিশুটিকেও থানায় নেওয়া হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌফিক জানিয়েছেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। গ্রেপ্তার কিশোরকে আদালতে হাজির করার জন্য নেওয়া হচ্ছে।