বড়লেখা সীমান্তে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক জব্দ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ণ
বড়লেখা সীমান্তে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক জব্দ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে এক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গতকাল বুধবার (২৪ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা সদর ইউনিয়নের সীমান্তবর্তী ‘মিশন’ এলাকায় এই সফল অভিযানটি চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজনের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল ভারতের সীমান্তবর্তী মেইন পিলার ১৩৮৫/এম থেকে বাংলাদেশের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে কৌশলগত অবস্থান নেয়। গভীর রাতে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা ব্যাগ ও অস্ত্র ফেলে রাতের অন্ধকার এবং ঘন জঙ্গলের সুযোগ নিয়ে ভারতের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘পাওয়ারজেল নাইনটি’ (Powergel 90) বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার তার এবং ২টি দেশীয় ধারালো কুকরি (চাপাতি) উদ্ধার করে জব্দ করে।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মারাত্মক আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকগুলো বড়লেখা থানায় সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে। সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান, অস্ত্র পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি ও চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন