ডেমরায় তরুণ কনস্টেবলের আত্মহত্যা
এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: রাজধানীর ডেমরা পুলিশ লাইনসে (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট-পিওএম, পূর্ব) সাঈদুল ইসলাম (২১) নামে এক পুলিশ কনস্টেবলের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বিয়ের পর স্ত্রীর কাছ থেকে প্রতারণার শিকার হয়ে তিনি সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ও তাঁর পরিবার। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ ও আবেগঘন স্ট্যাটাস লিখে গেছেন এই তরুণ পুলিশ সদস্য।
আজ শুক্রবার (১৭ জুলাই ২০২৬) ভোর ৫টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাঈদুল ইসলাম ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের মো. সাদেকের ছেলে। মাত্র ৯ মাস আগে তিনি পুলিশ কনস্টেবল পদে চাকরিতে যোগ দিয়েছিলেন এবং ডেমরায় রিজার্ভ ফোর্সে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, পিওএম ভবনের সপ্তম তলার একটি কক্ষে সাঈদুলসহ অন্তত পাঁচজন সদস্য থাকেন। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে কক্ষের অন্য সদস্যরা এসে ভেতর থেকে ছিটকিনি লাগানো দেখতে পান। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বিষয়টি ডেমরা থানায় জানানো হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে সাঈদুলকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় চাদর পেঁচানো অবস্থায় ঝুলন্ত উদ্ধার করে। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাঈদুলের চাচা মো. সোহাগ সাংবাদিকদের জানান, দাম্পত্য ও পারিবারিক কলহের জেরে সাঈদুল কিছুদিন ধরে চরম মানসিক অবসাদে ভুগছিলেন। সেই ক্ষোভ ও অভিমান থেকেই তিনি নিজের রুমে বিছানার চাদর পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
মৃত্যুর পূর্বে সাঈদুল তাঁর ফেসবুক আইডিতে স্ত্রীর ছবি ও ভিডিওসহ একটি দীর্ঘ হৃদয়বিদারক স্ট্যাটাস পোস্ট করেন। পাঠকদের জন্য তাঁর শেষ বার্তাটি নিচে তুলে ধরা হলো:
"তোমায় কেন্দ্র করে আমি যে জগৎ সাজিয়ে গুছিয়ে গড়ে তুলেছিলাম একটু একটু করে, হঠাৎ যেন সে জগৎটাকে দুই দিনেই চোখের সামনে ভেঙেচুরে চুরমার করে দিলে। আমি সবকিছু চুপচাপ দেখে গেলাম। সমুদ্রের মাঝখানে তরী ডোবা মানুষ অনেকক্ষণ সাঁতার কাটার পর যেমন কূলের দেখা না পেয়ে শেষমেশ নিয়তিকে মেনে নেয়, সদরে গ্রহণ করে মৃত্যুকে, তেমনি আমারও যেন কিছুই করার নেই।
জানো, মাঝে মাঝে কেন জানি নিজেরে দেখলে নিজের অনেক মায়া লাগে, হাহাকার লাগে— কী হয়ে গেলাম, কী বানাইয়া গেলা! আচ্ছা বলতো আমার দোষটা কী ছিল? তোমারে ভালোবাসাটা অপরাধ? নাকি সব কিছু উপেক্ষা করে তোমাকে বিয়ে করাটা অপরাধ? তুমি না বলছিলা মৃত্যু ছাড়া তুমি কখনোই আমাকে ছেড়ে যাবে না? এখন কই তুমি? আমি তো তোমার অভাবেই শেষ হয়ে গেলাম।
হারিয়ে ফেলতে চাইনি বলেই আমাদের সম্পর্কের নাম দিয়েছিলাম স্বামী-স্ত্রী। যদি তোমাকে হারানোর ইচ্ছে থাকত, তবে কখনোই এত পবিত্র এক বন্ধনের নামে তোমাকে নিজের বলে ঘোষণা করতাম না। আমার কাছে এই সম্পর্ক কোনো সাময়িক অনুভূতি নয়, এটি আজীবনের অঙ্গীকার ছিল। কিন্তু তুমি সব শেষ করে দিলা।
যাও ভালো থাকো, যতটুকু দূরত্ব নিয়ে তুমি চলে গেলে, তার থেকে দ্বিগুণ দূরত্ব নিয়ে আমি হারিয়ে গেলাম। তোমাকে বলেছিলাম না— এটাই আমার শেষ শক্তি, হয়তো তুমি, নয়তো আমি শেষ। নাও, তারও প্রমাণ দিলাম।
দুঃখিত আম্মু-আব্বু, আপনাদের ছেলে আর নিতে পারতেছে না। আর তিলে তিলে মরার শক্তি আমার নাই। মাফ করবেন আপনাদের অযোগ্য ছেলেকে। আমার যেন আর কিছুই করার নাই।"
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সাঈদুলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এআইএল/সকালবেলা