মাছবোঝাই পিকআপের ধাক্কায় ঝরল পিতা-পুত্রের প্রাণ
মামুন চৌধুরী, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট-তিস্তা সড়কে মাছবোঝাই একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র নিহত হয়েছেন।
আজ শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পুনঃকর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের জোকমারী গ্রামের বাসিন্দা আবু বক্কর ছিদ্দিক (৫৫) এবং তার ছেলে দুলু মিয়া (২০)। আবু বক্কর ছিদ্দিক পেশায় একজন কৃষক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আবু বক্কর ছিদ্দিক ও তাঁর ছেলে দুলু মিয়া মোটরসাইকেলযোগে রাজারহাট-তিস্তা সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে পুনঃকর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাছবোঝাই পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ছেলে দুলু মিয়ার মৃত্যু হয়।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় পিতা আবু বক্কর ছিদ্দিককে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে পিতা-পুত্র বুড়িরহাট এলাকায় বাদাম উত্তোলনের শ্রমিকদের মজুরি পরিশোধের কাজে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যেই তারা এই মরণঘাতী দুর্ঘটনার শিকার হন। এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা ঘাতক পিকআপটি আটক করলেও চালক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত যান দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় চালককে শনাক্ত করে গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা