মাদারীপুরে জাল টাকা ও সরঞ্জামসহ আটক ১

প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ণ
মাদারীপুরে জাল টাকা ও সরঞ্জামসহ আটক ১

নাজমুল হাসান, উপজেলা প্রতিনিধি মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দীন ইসলাম ঢালী (৩০) নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)। এ সময় তার কাছ থেকে ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

গতকাল রোববার (১৯ জুলাই ২০২৬) সন্ধ্যায় কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চরজগমোহন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটক দীন ইসলাম একই এলাকার বাসিন্দা।

মাদারীপুরের র‍্যাব-৮ (সিপিসি-৩) সূত্রে জানা যায়, চরজগমোহন এলাকার একটি বাড়িতে জাল নোট তৈরি হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন সটকে পড়লেও ঘটনাস্থল থেকে দীন ইসলামকে আটক করা সম্ভব হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকার সমপরিমাণ জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া, তার সহযোগী সুজন ঢালীর ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করে র‍্যাব।

জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে একটি কালার প্রিন্টার, জাল টাকা তৈরির বিশেষ রং, এন্ট্রিকাটার, স্কেল, চপিং বোর্ড, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৯৫০ পিস এ-ফোর সাইজের কাগজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে আসল টাকা হিসেবে বাজারে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।

র‍্যাব জানায়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক ধারায় মামলা দায়েরসহ আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ বিশ্বাস জানান, র‍্যাবের পক্ষ থেকে আটককৃত আসামি ও জব্দ করা আলামত থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এআইএল/সকালবেলা