কক্সবাজারে রেস্তোরাঁ ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণ মামলা

প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ণ
কক্সবাজারে রেস্তোরাঁ ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণ মামলা

ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার: কক্সবাজারের আলোচিত রেস্তোরাঁ ‘শালিক’-এর চাকরিচ্যুত জেনারেল ম্যানেজার (জিএম) মুজিবুর রহমান স্বাধীনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে একটি মামলা কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এ এবং অপরটি ঢাকার শেরেবাংলা নগর থানায় দায়ের করা হয়েছে। 

গতকাল রবিবার (১৭ মে) ভুক্তভোগীরা পৃথকভাবে এই মামলাগুলো দায়ের করেন।

কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা মামলার এজাহারে বাদী এক কিশোরী অভিযোগ করে বলেন, গত ২০ মার্চ রাত সাড়ে ৮টার দিকে শালিক রেস্তোরাঁর দ্বিতীয় তলার কনভেনশন হলের একটি কক্ষে তাঁকে ডেকে নেন মুজিবুর রহমান স্বাধীন। সেখানে নিজের স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে বাসায় গিয়ে স্ত্রীকে দেখভালের অনুরোধ করেন। ভুক্তভোগী এতে অপারগতা প্রকাশ করলে অভিযুক্ত স্বাধীন জোরপূর্বক তাঁকে ধর্ষণ করেন।

অন্যদিকে, ঢাকার শেরেবাংলা নগর থানায় দায়ের করা ধর্ষণচেষ্টা মামলায় অন্য এক বাদী অভিযোগ করেন, গত ৯ মে ব্যবসায়িক আলাপের জন্য তিনি তাঁর বড় বোনের জামাইয়ের সাথে ঢাকায় যান। সেখানে রাতে অভিযুক্ত স্বাধীন বাদীর বড় বোনকে একটি কক্ষে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান। পৃথক দুটি এলাকায় একই ব্যক্তির বিরুদ্ধে এমন গুরুতর অপরাধের মামলা হওয়ায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শালিক রেস্তোরাঁর স্বত্বাধিকারী নাছির উদ্দিন বলেন, “মুজিবুর রহমান স্বাধীনের বিরুদ্ধে ওঠা অনৈতিক ও অপরাধমূলক অভিযোগ জানার পরপরই তাঁকে প্রতিষ্ঠানের জিএম পদ থেকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। অপরাধের সাথে আমাদের প্রতিষ্ঠানের কোনো সম্পৃক্ততা নেই।”

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, আদালতের নথিপত্র এখনো পুলিশের হাতে এসে পৌঁছায়নি। তিনি বলেন, “আদালতের আদেশের অফিশিয়াল নথিপত্র হাতে পেলে আসামিকে গ্রেফতাহসহ প্রয়োজনীয় সকল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ.আই.এল/সকালবেলা