ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রাসেল শেখ, মুকসুদপুর (গোপালগঞ্জ): গোপালগঞ্জের মুকসুদপুরে জনগুরুত্বপূর্ণ সড়কের পাশ থেকে অবৈধভাবে রাখা ইট, বালু ও গাছের গুঁড়ি (লগ) সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির। সড়কের ওপর এসব নির্মাণসামগ্রী ও গাছের স্তূপ রাখায় যানবাহন ও পথচারী চলাচলে চরম বিঘ্ন ঘটার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ায় তিনি এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন।
সম্প্রতি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শনকালে ইউএনও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করেন এবং দ্রুততম সময়ের মধ্যে এসব সামগ্রী অপসারণের নির্দেশ দেন। পরিদর্শন চলাকালীন তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে বেশ কিছু স্থান থেকে স্তূপ করে রাখা ইট, বালু ও গাছের গুঁড়ি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। অনেক স্থানে সড়কের অর্ধেকের বেশি দখল করে রাখা এসব সামগ্রীর কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল বলে স্থানীয়রা জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির এ বিষয়ে জানান, সড়কের পাশে এভাবে অনিয়ন্ত্রিতভাবে নির্মাণসামগ্রী বা গাছের স্তূপ রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এটি কেবল যাতায়াতে সমস্যা করে না, বরং বড় ধরনের সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। জনস্বার্থে এবং সড়ক নিরাপদ রাখতে এই ধরনের তদারকি নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, নির্দেশনা অমান্য করে যারা সড়কের ওপর প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনজীবন ঝুঁকিতে ফেলবে, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ