চট্টগ্রামে শিশু হত্যা: ৩ মাস পর আসামি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে গত মার্চ মাসে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার মূল আসামি মো. ফয়সালকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় তিন মাস পর গতকাল বুধবার রাতে নরসিংদী জেলার রায়পুরা থানার নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (হাটহাজারী অঞ্চল) কাজী মো. তারেক আজিজ জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে নরসিংদী থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে ফয়সাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
পুলিশ জানায়, গত ২৪ মার্চ ওই কন্যাশিশু নিখোঁজ হয়। এর দুই দিন পর ২৬ মার্চ বাড়ির পাশের একটি তুলার গুদাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, অভিযুক্ত ফয়সাল শিশুটিকে নিয়ে গুদামের ভেতর ঢুকলেও পরে সে একা বেরিয়ে আসে। এই ঘটনায় ২৬ মার্চ ফয়সালকে আসামি করে হাটহাজারী থানায় মামলা করেন শিশুটির মা।
নিহত শিশুর বাবা প্রতিবন্ধী এবং মা স্থানীয় একটি কারখানার শ্রমিক। পেশায় দিনমজুর ফয়সালের বাড়ি বরিশালে হলেও সে ভুক্তভোগী শিশুটির সাথে একই কলোনিতে বসবাস করত।