পলাশবাড়ীতে বাস দুর্ঘটনা: খাদে পড়ে প্রাণ গেল এক নারীর
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে রিক্তা বেগম (২৮) নামের এক নারী নিহত হয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ১০ জন যাত্রী। আজ রোববার (৩১ মে) সকাল ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিক্তা বেগম গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল হকের স্ত্রী।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ‘নিউ সাফা পরিবহন’ এর যাত্রীবাহী একটি বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে ঠুটিয়াপাকুর এলাকায় পৌঁছালে বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এ সময় উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান যাত্রী রিক্তা বেগম। দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা আরও অন্তত ১০ জন যাত্রী কমবেশি আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার শিকার বাসটির বেঁচে যাওয়া যাত্রীরা জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে যেখানে আছড়ে পড়ে, সেখানে পানি কম থাকায় তারা কোনোমতে শিশুদের নিয়ে অক্ষত অবস্থায় উঠে আসতে পেরেছেন। খাদটিতে পানি বেশি থাকলে মৃতের সংখ্যা অনেক বাড়ত এবং নিশ্চিত বড় বিপর্যয় ঘটত বলে জানান তারা।
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার লোকমান হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে রেকার দিয়ে দুর্ঘটনার শিকার বাসটি খাদ থেকে টেনে তোলার চেষ্টা চলছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রদীপ কুমার জানান, দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে এবং এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।