ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. কোরবান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের ওপর দিয়ে সোমবার ভোররাতে বয়ে যাওয়া প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে মহিষাখোলা গ্রামের শতবর্ষী একটি প্রাচীন বটগাছ উপড়ে বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আকস্মিক এই ঝড়ে কয়ড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে গেছে এবং অসংখ্য ডালপালা ভেঙে পড়েছে। ঝড়ের তীব্রতায় বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে অনেক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর সময় কাটাচ্ছে। মুহূর্তের মধ্যেই ঘরবাড়ির টিন উড়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শতবর্ষী বটগাছটি বিদ্যুৎ লাইনের ওপর ভেঙে পড়ায় কয়ড়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ভোর থেকে পানি সরবরাহ ও মোবাইল চার্জিংসহ নিত্যপ্রয়োজনীয় কাজে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। ঝড়ের তণ্ডবে বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হওয়ায় সংযোগ ফিরিয়ে আনতে সময় লাগছে।
বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কাজ চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ