নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২
শুভ সরকার, নড়াইল: ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে স্বামী ইসমাইল হোসেনের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী জাহানারা বেগম (৫৫) এবং অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। এ সময় আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল-কালনা মহাসড়কের বাদাশার গ্যারেজ নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে স্বামী ইসমাইল হোসেনের লাশ নিয়ে যশোরের মাহিদিয়া গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন স্ত্রী জাহানারা বেগম। পথিমধ্যে অ্যাম্বুলেন্সটি নড়াইল-কালনা মহাসড়কের বাদশার গ্যারেজ নামক স্থানে পৌঁছালে কালনাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহানারা বেগম নিহত হন। নিহত চালক আকবর হোসেন লক্ষ্মীপুরের পূর্ব চক্কলাপোতা গ্রামের আঃ হাশেমের ছেলে।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত ৫ জনকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেনকেও মৃত ঘোষণা করেন। আহত অন্য ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এআইএল/সকালবেলা